![]()
গাজায় গণহত্যা: লুলার বক্তব্যে ইসরায়েল-ব্রাজিল সম্পর্কে টানাপোড়েন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যাকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তার এই মন্তব্যের জেরে ব্রাসিলিয়ার সঙ্গে তেল আবিবের তীব্র কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।
ইসরায়েল সরকার লুলা দা সিলভাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে। এদিকে, ব্রাজিল সরকার তেল আবিব থেকে তার রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।লুলা রবিবার এক বক্তব্যে বলেন, “গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের সঙ্গে যা করা হচ্ছে তা ইতিহাসে আর কখনও ঘটেনি। অবশ্য এরকম ঘটনা আরেকবার ঘটেছিল [তখন] যখন হিটলার ইহুদিদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ”
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন জার্মান শাসক এডলফ হিটলারের নির্দেশে ৬০ লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল বলে যে গল্প প্রচার করা হয় তা ইতিহাসে ‘হলোকাস্ট’ নামে চিহ্নিত।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লুলার বক্তব্যকে ‘অপমানজনক ও গুরুতর’ বলে অভিহিত করেছেন।
এর পরপরই লুলা তার বক্তব্য প্রত্যাহার করার পরিবর্তে নিজের রাষ্ট্রদূতকে ইসরায়েল থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত ঘোষণা করেন।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই ব্রাসিলিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকেও তলব করা হবে।
কোনও কোনও সংবাদ সূত্র অবশ্য এ খবরও প্রকাশ করেছে যে, ব্রাজিল সরকার দেশটি থেকে ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আদেশ দিয়েছে।